জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। জানা গেছে, গত বুধবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪৭/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের মো. শরিফুলের পটল খেতের মধ্যে অভিযান চালানো হয়। হাবিলদার মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
এর আগে একই দিন দুপুর রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭৪-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর হালদারপাড়া গ্রামের মাঠে শ্রী নিমাই হালদারের কলা বাগানে অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাতে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৩-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মো. সাইফুল ইসলামের ভুট্টা ক্ষেতের পাশ থেকে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় ইমিটেশনের বিভিন্ন কসমেটিক্স সামগ্রী (চুড়ি, কানের দুল, চেইন ইত্যাদি) উদ্ধার করা হয়।
সমীকরণ প্রতিবেদন