শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি রুহুল আমিন

৬ মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালু হবে
  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
দামুড়হুদায় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রুহুল আমিনের নেতৃত্বে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাইরের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সংসদ সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা নিজ হাতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।


পরিচ্ছন্নতা অভিযান শেষে এমপি রুহুল আমিন বলেন, ‘দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নিজের হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছি। হাসপাতালের ভেতর ও বাইরে সব জায়গায় পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেছি। এখানে নতুন ৮ জন চিকিৎসক যোগদান করেছেন, এটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা বিশ্বাস করি, তাঁদের মাধ্যমে এলাকাবাসী আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।’


তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখনও সে কথাই বলছি, আগামী ছয় মাসের মধ্যে এখানে অপারেশন থিয়েটার চালু হবে ইনশাআল্লাহ। হাসপাতালটিতে চোখের রোগীদের দেখার ব্যবস্থা রয়েছে, যা একটি ইতিবাচক দিক। প্রয়োজনীয় ওষুধপত্রও এখানে পাওয়া যাচ্ছে। ইনডোর রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন।’


সরকারি হাসপাতালের প্রতি জনগণকে আস্থা রাখার আহ্বান জানিয়ে এমপি রুহুল আমিন বলেন, সরকারি হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে, সেদিকে আমরা গুরুত্ব দেব। সবাই মিলে আমরা এই হাসপাতালটিকে এলাকার স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্রে পরিণত করব, ইনশাআল্লাহ। এসময় উপজেলা জামায়াতের নেতা-কর্মীসহ জামায়াতে ইসলামীর স্থানীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও