সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কাঁঠালতলা-তারিনীপুর খাল পুনঃখননের দাবি

খালের নাব্যতা হারিয়ে কৃষিতে বিপর্যয়
  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৬ ইং
দামুড়হুদার কাঁঠালতলা-তারিনীপুর খাল পুনঃখননের দাবি

দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা-তারিনীপুর খাল দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় গভীরতা ও নাব্যতা না থাকায় স্থানীয় কৃষকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং প্রান্তিক কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। খালটি মাথাভাঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত। ফলে গোবিন্দপুর হয়ে কাদিপুর, তারিনীপুর, লোকনাথপুর, ডুগডুগি, জয়রামপুর, কুমারিদাহ, হাউলী ও বাস্তপুর এলাকার অসংখ্য কৃষক এই খালের ওপর নির্ভরশীল।
স্থানীয় কৃষকদের অভিযোগ, আগে বর্ষা মৌসুমে খালে স্বাভাবিকভাবে পানি থাকত। এতে পাট জাঁক দেওয়া সহজ ছিল এবং অন্যান্য চাষেও সুবিধা ছিল। কিন্তু এখন খাল ভরাট ও অগভীর হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে পারে না। ফলে কৃষকদের বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে, যা তাদের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য।


অন্যদিকে, বর্ষা মৌসুমে পরিস্থিতি উল্টো চিত্র ধারণ করে। তারিনীপুর ও কাদিপুর গ্রামের বিস্তীর্ণ ফসলের জমি পানিতে তলিয়ে থাকে। খালের যথাযথ গভীরতা না থাকায় অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। এতে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, যা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।


বিশেষজ্ঞদের মতে, খালটি পুনঃখনন করে প্রয়োজনীয় গভীরতা নিশ্চিত করা গেলে বর্ষাকালের জলাবদ্ধতা অনেকাংশে কমবে এবং শুকনো মৌসুমে সেচ সুবিধা বাড়বে। স্থানীয় সচেতন মহল বলছেন, খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেচব্যবস্থা উন্নত হবে এবং বহু বছরের পুরাতন জলপথের ঐতিহ্যও পুনরুজ্জীবিত হবে। এতে শুধু কৃষকরাই নন, পুরো এলাকার অর্থনীতি ইতিবাচকভাবে উপকৃত হবে।
সব মিলিয়ে, জয়রামপুর কাঁঠালতলা-তারিনীপুর খালের পুনঃখনন ও সংস্কার এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে এ অঞ্চলের প্রান্তিক কৃষকদের দুঃখ-কষ্ট লাঘব করতে এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী