বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার

কম দামে সবজি পেয়ে খুশি ক্রেতারা
  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৬ ইং
রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার

আলমডাঙ্গায় মাহে রমজানকে কেন্দ্র করে বাজারে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষের ভোগান্তি কমাতে আলমডাঙ্গায় চালু করা হয়েছে ন্যায্যমূল্যের সবজি বাজার। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষকের খেত থেকে সরাসরি আনা আলু-পেঁয়াজসহ বিভিন্ন ধরনের সবজি সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। উদ্বোধনের পরপরই ব্যাগ হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে সবজি কিনতে দেখা যায়। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।


সরেজমিনে দেখা যায়, বাজারে বিক্রির জন্য আনা সবজির মূল্যতালিকা টাঙানো রয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু ও দুই কেজি পেঁয়াজসহ প্রয়োজন অনুযায়ী অন্যান্য শাকসবজি কিনতে পারছেন। সেখানে প্রতি কেজি আলু ১৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, শিম ১০ টাকা, লালশাক ১৫ টাকা, প্রতি পিস লাউ ২০ টাকা, করলা ৬০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, মুলা ১৫ টাকা, পালংশাক ১৫ টাকা, ডাটাশাক ১৫ টাকা এবং বেগুন ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।


আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চা-দোকানি রবিউল ইসলাম (৩৭) বলেন, এখান থেকে বাঁধাকপি, আলু ও শিম কিনেছি। বাজারের তুলনায় প্রতি কেজিতে অন্তত ১০ থেকে ১৫ টাকা কমে পেয়েছি। এভাবে নিয়মিত বিক্রি হলে আমাদের মতো নিম্নআয়ের মানুষের অনেক উপকার হবে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমেনা খাতুন (৬০) বলেন, উদ্বোধনের পর ভিড় কম থাকায় সহজেই কম দামে সবজি কিনতে পেরেছেন। ডিম, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যুক্ত করা হলে সাধারণ মানুষ আরও উপকৃত হবেন বলেও জানান তিনি।


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, শাক-সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন, পাশাপাশি ভোক্তারাও কম দামে পণ্য কিনতে পারছেন।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, রমজান উপলক্ষে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। মূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারের পরিধি বাড়ানো হতে পারে এবং খুচরা বাজারের তুলনায় প্রতি কেজি সবজি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি করা হবে। তিনি আরও জানান, রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা।



কমেন্ট বক্স
notebook

রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার