বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমপি রুহুল আমিন

পরিবেশ সুরক্ষা, ড্রেনেজ ও হাসপাতাল উন্নয়নে গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৬ ইং
কেরুর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেরুর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি দর্শনায় পৌঁছালে কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরে কেরুর ২ নম্বর অতিথি ভবনে এ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন, কেরু কোম্পানি এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের চেষ্টা করা হবে। তিনি জানান, কেরু কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং জৈব সার উৎপাদন থেকে লাভ হওয়ার খবর আশাব্যঞ্জক।


এমপি রুহুল আমিন আরও বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কেরুর কর্মকর্তারা যাতে নিরাপদ, স্বচ্ছ ও সততার সঙ্গে কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবেন। কেরু ডিস্টিলারি থেকে ১৭০ থেকে ১৯০ কোটি টাকা লাভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান। এই লক্ষ্য অর্জিত হলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এছাড়া কেরু চিনিকলের বর্জ্যে যাতে আশপাশের পরিবেশ দূষিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং কেরু হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস ছাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, জিএম ডিস্টিলারি রাজিবুল ইসলাম, এডিএম মির্জা গালিব, ওমর আল ফারুকসহ কেরুর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।


আলোচনা শেষে সংসদ সদস্য রুহুল আমিন দর্শনা প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কিছু সময় মতবিনিময় করে তিনি বড়বলদিয়া গ্রামে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।



কমেন্ট বক্স
notebook

রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার