দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আসর নামাজের পর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি মাঠে পৌঁছালে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, ‘আমি আপনাদের সুখেও থাকতে চাই, আপনাদের দুঃখেও থাকতে চাই। আপনাদের সুখ আমার আনন্দ, আপনাদের দুঃখ আমার দুঃখ। নির্বাচনে কে আমাদের ভোট দিয়েছে আর কে দেয়নি তা আমরা বিবেচনা করবো না। আমরা এখন গোটা চুয়াডাঙ্গা-২ আসনের মানুষের প্রতিনিধি। কে কোন দল করে সেটি দেখার বিষয় নয়। সকলের শান্তি নিশ্চিত করা, মানবিক মর্যাদা রক্ষা করা এবং সবার কাছে আইনের শাসন পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানা সহকারী সেক্রেটারি ও সাবেক দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদের এবং দর্শনা থানা আমির রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা সহকারী সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মোফাসসিরিনের সহসভাপতি মাওলানা আবুজার গিফারী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন, সহ-সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ সদেকিন ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুজার গিফারী।
প্রতিবেদক কুড়ুলগাছি