দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচি বটতলা থেকে আটকবর পর্যন্ত সড়কে হঠাৎ বৃষ্টির পর দেখা দিয়েছে চরম দুর্ভোগ। কয়েক মাস ধরে বৃষ্টি না থাকলেও গতকাল মঙ্গলবার ভোরে আকস্মিক বৃষ্টিতে সড়কের ওপর জমে থাকা ইটভাটার মাটি কাদায় পরিণত হয়ে রাস্তাকে বিপজ্জনক করে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইটভাটার ট্রাক ও ট্রলি চলাচলের সময় রাস্তায় মাটি পড়ে থাকছিল। বৃষ্টি না থাকায় সেটি শুকনো অবস্থায় থাকলেও হঠাৎ বৃষ্টিতে পুরো সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
এলাকাবাসী জানান, কয়েক মাস বৃষ্টি না থাকায় সমস্যা বোঝা যায়নি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে রাস্তার আসল অবস্থা সামনে এসেছে। ইটভাটার ফেলা মাটির কারণেই রাস্তাটি কাদায় ভরে গেছে। দিনভর একাধিক মোটরসাইকেল পিছলে পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ব্যবসায়ী ও শিক্ষার্থীরাও পড়েছেন ভোগান্তিতে।
এলাকাবাসীর দাবি, ইটভাটা মালিকরা যেন দ্রুত সড়কে পড়া মাটি অপসারণ করেন এবং নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। একাধিক ভুক্তভোগী বলেন, ‘রাস্তা দিয়ে চলাচল করতে এখন ভয় লাগে। ইটভাটার গাড়ি যাওয়ার পরই রাস্তা নষ্ট হয়ে যায়। বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে পড়ে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে ইটভাটা মালিকদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
সমীকরণ প্রতিবেদক