চুয়াডাঙ্গার দর্শনায় অপহরণের চার দিন পর শিকলবন্দি অবস্থায় মো. বিপুল (৪৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা হঠাৎপাড়া এলাকার রাস্তার পাশের জঙ্গল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। বিপুল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।
জানা গেছে, গত শনিবার চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসের সামনে থেকে তিনি অপহৃত হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর আইনের আশ্রয় নেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বিপুল জানান, শনিবার পারিবারিক একটি মামলার কাজে চুয়াডাঙ্গা আদালতে এসেছিলেন তিনি। কাজ শেষে দুপুরে পোস্ট অফিসের সামনে থেকে অটোগাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে। এসময় তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
তার দাবি, চোখ-মুখ বেঁধে একটি ফাঁকা ঘরে চার দিন আটকে রাখা হয় এবং মারধর করা হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোন করে মুক্তিপণও দাবি করে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে পায়ে শিকল পরিয়ে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে ইফতারের পর চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। চিৎকার শুনে এক ভ্যানচালকসহ স্থানীয় কয়েকজন তাকে জঙ্গল থেকে উদ্ধার করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হিমেল বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎপাড়া এলাকা থেকে বিপুল নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় তার ছেলে একটি অপহরণের অভিযোগ করেছেন। স্বজনরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দর্শনা অফিস