সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বেকারিতে ডালডার ভেতর মরা ইঁদুর

দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বেকারিতে ডালডার ভেতর মরা ইঁদুর

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলৎদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মো. সাইদুর রহমানের বেকারি প্রতিষ্ঠান ‘মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট’-এ ব্যবহৃত ডালডার ভেতরে মরা ইঁদুর পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং আগেভাগে বেকারি পণ্য তৈরি করে সেদিনের তারিখ ব্যবহার করার প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


এদিকে মো. সাইদুল ইসলামের ‘অনন্যা ফুড প্রোডাক্ট’ নামের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুনভাবে প্যাকেটজাত করে বিক্রির প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সব ধরনের অনিয়ম দূর করে মানসম্মতভাবে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে একইসঙ্গে বিভিন্ন হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি করা হয়। এসময় মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বাজারজাত না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় চুরির মামলার আসামি দুদু গ্রেপ্তার