জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনকে তার নিজ গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের হাইস্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রামের সাধারণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংসদ সদস্য মো. রুহুল আমিন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের দোয়া ও সমর্থনেই আমি আজ এই দায়িত্ব পেয়েছি। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইসরাইল। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, মানবসম্পদ উন্নয়ন বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকরসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জীবননগর অফিস