আলমডাঙ্গা থানা-পুলিশের পৃথক অভিযানে এক দেশীয় অস্ত্রসহ যুবক ও এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নির্দেশনায় গত বুধবার বিকেল পাঁচটার দিকে বলরামপুর মন্ডলপাড়া এলাকায় মোবাইল ফোন কেনাবেচার পাওনা টাকা নিয়ে বিরোধের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিরোধের জেরে বাদীর ছেলেকে হুমকি দেওয়া হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পাইকপাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।
সংবাদ পেয়ে এসআই আব্দুল মতিন ঘটনাস্থলে পৌঁছে একটি দেশীয় চাপাতি এবং একটি লোহার চেইনসহ কালিদাসপুর এলাকার মো. বাবলু মন্ডলের ছেলে মো. সোহেল রানা ওরফে রাব্বিকে (২০) আটক করেন।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে এসআই মো. জাহাঙ্গীর আলম মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় কেদারনগর এলাকার মো. লাল্টু রহমানের ছেলে মো. জাহাঙ্গীর হোসেনকে (৪০) ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক, আলমডাঙ্গা