বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ও ঝিনাইদহে মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালি ও আলোচনা সভা

পবিত্রতা রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান
  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
আলমডাঙ্গা ও ঝিনাইদহে মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালি ও আলোচনা সভা

আলমডাঙ্গায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর আলমডাঙ্গা মডেল মসজিদ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইরোডের আল-তায়েবা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সতর্কতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা রমজান মাসের পবিত্রতা রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, রমজানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে অশ্লীলতা, অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড পরিহার করতে হবে। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বক্তারা বলেন, সমাজে কোথাও অনিয়ম বা অশালীনতা দেখা দিলে তা নির্দ্বিধায় গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


বক্তারা শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রমজানের বিধিনিষেধ মেনে খাবারের দোকান পরিচালনা করা এবং প্রকাশ্যে ধূমপান বা খাবার গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শূরা সদস্য ও যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু, জেলা আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে ‘আহলান সাহালান মাহে রমজান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে ঝিনাইদহ শহরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। রমজানে পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান জানিয়ে গতকাল বুধবার বিকেলে শিবিরের শহর শাখা এই বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়।


পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা শিবিরের সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান ও শহর শিবিরের সভাপতি শেখ আল আমিন বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর শিবিরের অর্থসম্পাদক আল মামুন। বক্তারা মাহে রমজানের তাৎপর্য, সংযমের শিক্ষা এবং নৈতিকতাবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা গ্রহণের এক অনন্য সুযোগ।


বক্তারা তরুণ সমাজকে ইসলামি আদর্শ মেনে জীবন পরিচালনার আহ্বান জানান এবং পবিত্র এই মাসে অপসংস্কৃতি ও অশ্লীলতা পরিহার করে ঈমানী চেতনাকে জাগ্রত করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের নানা অসংগতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সাহায্যার্থে প্রীতি ফুটবল ম্যাচ