মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা

লাইসেন্স বাধ্যতামূলক, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানের দাবি
  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা


চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট (আরএস) পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।


এময় তিনি বলেন, ‘আজকে এই মাদকদ্রব্যের সচেতনতামূলক সভায় হোমিওপ্যাথি ডাক্তারগণ কীভাবে সম্পৃক্ত, এটা আমার বুঝতে এখনো সমস্যা হচ্ছে। ডাক্তারগণ চিকিৎসা করবে, রোগী আসবে তাদের কাছে চিকিৎসা নিবে সুস্থ হবে, সুন্দর জীবন পাবে। আর এখন আপনাদের থেকে মাদকের কথা শুনতে হচ্ছে, এটা আমার মেলাতে কষ্ট হচ্ছে। আমি যতটুকু বুঝলাম, এখানে যে ডাক্তারগণ আছেন, আপনারা এই রেক্টিফাইড স্পিরিট বিক্রি করছেন না। তবে এই উপাদানটা আপনাদের সাথে জড়িত।’


তিনি আরও বলেন, ‘হোমিওপ্যাথি ডাক্তাররা মাদকদ্রব্য দপ্তর থেকে লাইসেন্স নিয়ে রাখবেন, এবং মাদকদ্রব্যকে বলব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যেন কোনো ভোগান্তির সৃষ্টি না হয় ভোক্তাদের। আপনাদের ডাক্তার হিসেবে রোগীকে সুস্থ করাই মূল ধর্ম। কিন্তু আপনাদের কিছু সহকর্মী আছেন, যাদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, আপনারা তাদের বোঝাবেন কিংবা আমাদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। রেক্টিফাইড স্পিরিট ব্যবহারের ক্ষেত্রে যে সীমা বা নীতিমালা আছে, সেটি মেনেই কাজ করবেন।’


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, ‘আমরা সব ধরনের রোগের চিকিৎসা করতে পারি। আপনারা এখানে চিকিৎসা করছেন, এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই যে আপনারা সব রোগী সুস্থ করে তুলবেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনারা ক্যানসারের চিকিৎসা করে ক্যানসার ভালো করে ফেলছেন, এটা হতে পারে। তবে আপনাদের বুঝতে হবে এই রোগের, রোগীর কোন পর্যন্ত আপনি চিকিৎসা করবেন। আপনি চিকিৎসা করলেন, কিন্তু ক্যানসারটা ছড়িয়ে চতুর্থ পর্যায়ে চলে গেল, এমনটা যেন না হয়।’
তিনি আরও বলেন, ‘আপনাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে একটি লাইসেন্স নিতে হবে। কারণ আমাদের সমাজে মাদকের ভয়াবহতা সর্বক্ষেত্রে। আপনারা যেটা দিয়ে চিকিৎসা করেন রেক্টিফাইড স্পিরিট, এটা কিন্তু খুব সহজে  পাওয়া যায়। কার উদ্দেশ্যে কেমন, তা তো বলা মুশকিল। তাই এই লাইসেন্স টা খুব জরুরি।’


হোমিও চিকিৎসক আসমা আক্তার বলেন, ‘আমরা চিকিৎসক, আমরা মানুষের সেবা  করি। কিন্তু মূল বিষয় হলো- এক বালতি দুধের ভেতর যখন একফোটা চুনা পড়ে, তখন সব দুধ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই কিছু ভুয়া ডাক্তার আমাদের নাম ভাঙ্গিয়ে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করছে। এবং এটা খাওয়ার পর মানুষ যখন মারা যাচ্ছে, তখন মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলছে। এ জন্য আমি জোর দাবি জানাচ্ছি এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক। এবং অভিযান পরিচালনাকালে আমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, কিংবা কোনো তথ্যের প্রয়োজন হয়, আমরা সেই তথ্যও দেব।’


সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান বলেন, ‘আমরা মাদকদ্রব্য দপ্তর বিভিন্ন সেমিনার করে থাকি সচেতন করার জন্য। ২০২৩ সালে দুটি আইন করা হয়। একটি হলো হোমিওপ্যাথি শিক্ষা আইন ২০২৩ এবং আরেকটি কসমেটিক এবং ঔষধ ২০২৩। এই দুটো আইন আপনাদের জন্যই তৈরি। এখানে প্রথম আইনের সার্টিফিকেট না থাকলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারবেন না। আর এই কসমেটিক ওষুধের লাইসেন্সটা আপনাদের নিতে হবে। কারণ আপনাদের ব্যবহৃত রেক্টিফাইড স্পিরিটা যেন কোনো খারাপ হাতে না যায়। আপনারা আমাদের শৃঙ্খলার ভেতরে আসলে যারা ভুয়া ডাক্তার আছেন, তারাও বাধ্য হয়ে শৃঙ্খলার ভেতর আসবে। তখন আমাদের সিস্টেমটা একটা চেইনের  ভেতর আসবে এবং সকলে মাদক থেকে মুক্ত থাকবে।’


সভায় আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জামাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ এবং জেলার হোমিও চিকিৎসকগণ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা