সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে শিয়ালের সঙ্গে ধাক্কায় উল্টে গেল আলমসাধু

নারীর মর্মান্তিক মৃত্যু, আহত ১৫
  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৬ ইং
উথলীতে শিয়ালের সঙ্গে ধাক্কায় উল্টে গেল আলমসাধু

জীবননগর উথলীতে শিয়ালের সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে সন্ধ্যা রানী নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতরা সবাই চুয়াডাঙ্গার দর্শনা রামনগর গ্রামের বাগদী পাড়ার বাসিন্দা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রানি (৬৩) দর্শনা রামনগর বাগদী পাড়ার দুলালের স্ত্রী।


আহতরা হলেন- দুলালের মেয়ে বাদোলি রানী (৩০), কুমার মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪৫), বিকাশ মন্ডলের স্ত্রী রিকা রানী (৪০), খোকনের স্ত্রী শেফালী (৪৫), গোপালের স্ত্রী সন্ধ্যা (৫০), ঠাকুর বিশ্বাসের স্ত্রী জোসনা (৫০), চিত্তের স্ত্রী চায়না (৩০), কোমলের ছেলে টুকুল (৩০), সুলের ছেলে অশোক (৪০) ও আব্দুল জলের ছেলে আলমসাধু চালক মিলন (৩০)। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানায়, তারা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি শেষে আলমসাধুযোগে খালিশপুর থেকে দর্শনায় ফিরছিলেন। পথের মধ্যে উথলী মালোপাড়ার নিকট পৌঁছালে দুটি শিয়াল সামনে চলে আসে। এসময় দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুতে থাকা নারী-পুরুষরা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং সন্ধ্যা রানী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টু জানান, উথলী মালোপাড়ায় আলমসাধু উল্টে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে শুনেছি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স