আলমডাঙ্গায় ভোটের দুই দিন পরই ছিনতাইয়ের ভয়াবহ চিত্র ফুটে ওঠেছে। সকালের আলোয় প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধির (ডিএসআর) কাছ থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারী। দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেটের অদূরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে জসিম দীর্ঘ ৫-৭ বছর ধরে আলমডাঙ্গা শহরের থানাপাড়া এলাকার আবু হাসান বাবলুর কোম্পানির ডিলার পয়েন্টে কর্মরত আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি বুধবার যানবাহন চলাচল বন্ধ থাকায় তিনি ওই দিনের সেলসের টাকা ও মালামাল নিজ বাড়িতে নিয়ে রাখেন।
গতকাল শনিবার সকালে আলমডাঙ্গা শহরে ফেরার পথে বন্ডবিল রেলগেটের কাছে মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী তাকে পথরোধ করে। ছিনতাইকারীরা প্রাণে মারার হুমকি দিয়ে তার কাছে থাকা ২০ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী জসীম বলেন, ‘আমি গরীব মানুষ আমি এখন কী করব, দিনের আলোয় যদি এমন হয়, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরায়েল বলেন, ‘ঘটনাটি শুনেছি, আজকে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’
প্রতিবেদক, আলমডাঙ্গা