রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নবনির্বাচিত এমপির প্রেস ব্রিফিং

সহিংসতার রাজনীতি পরিহার করে ঐক্যে প্রতিষ্ঠার আহ্বান
  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২৬ ইং
আলমডাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নবনির্বাচিত এমপির প্রেস ব্রিফিং

চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু।


সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন এবং উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী। মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘চুয়াডাঙ্গা-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন, এই বিজয় আমার একার নয়- এটি সাধারণ মানুষের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশের অগ্রযাত্রায় অংশীদার হতে চাই।’


তিনি আরও বলেন, ‘নির্বাচন পরবর্তী যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা রোধে আমি প্রতিপক্ষ বন্ধুদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা চাই না। আমাদের এই জনপদের মানুষ যেন সুখে-শান্তিতে ও স্বাধীনভাবে বসবাস করতে পারেন- সেটিই আমাদের সবার কাম্য।’


গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবেন-এটাই আমার প্রত্যাশা।’ পাশাপাশি বিরোধী রাজনৈতিক মতের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।


সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি আবারও শান্তির বার্তা দিয়ে বলেন, ‘সহিংসতা নয়- আমরা সবাই ভাই ভাই। আসুন, সহিংসতা পরিহার করে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসি।’ একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী অঙ্গীকার পূরণে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।



কমেন্ট বক্স