শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড়বোয়ালিয়ায় জামায়াতের আনন্দ মিছিল ঘিরে ভাঙচুর

৬৫ বছরের বৃদ্ধসহ দুজন আহত
  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২৬ ইং
বড়বোয়ালিয়ায় জামায়াতের আনন্দ মিছিল ঘিরে ভাঙচুর

আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া জামায়াতে ইসলামীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে যুবদলের কার্যালয়ে ভাঙচুর, এক বৃদ্ধা নারীসহ দুজনকে মারধর এবং বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর আলীর ছেলে রুবেল ও আব্দুল্লার নেতৃত্বে জামায়াতের একটি আনন্দ মিছিল বড়বোয়ালিয়া এলাকায় বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিল থেকে কিছু ব্যক্তি যুবদলের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। কার্যালয়ের দরজা-জানালা ভেঙে ফেলা হয় এবং ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়।
হামলার সময় ঘটনাস্থলের পাশে থাকা ৬৫ বছর বয়সী মুরুব্বি নারী মেহেরুন্নেসা (৬৫) বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধাক্কা দেওয়া হয় এবং তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।


এদিকে এ ঘটনায় ওয়ার্ড কৃষক দলের প্রচার সম্পাদক আনার শাহ (৪৫) মারধরের শিকার হয়েছেন। সংঘর্ষের সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
একই সময়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ এবং নির্বাচন কমিটির এক সমন্বয়কের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়া পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের কথাও জানানো হয়েছে।
ঘটনার পর বড়বোয়ালিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স