শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় উল্লাসে হৃদ্রোগে একজনের মৃত্যু, অসুস্থ ৩

হাসপাতালে ছুটে গেলেন জামায়াত প্রার্থী
  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় উল্লাসে হৃদ্রোগে একজনের মৃত্যু, অসুস্থ ৩

চুয়াডাঙ্গায় জামায়াতের প্রার্থী এগিয়ে থাকার খবরে বিজয় উল্লাস চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। এসময় আরও অন্তত তিনজন অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নির্বাচনের বিভিন্ন ফলাফল পাওয়া যায়। ফলাফলে চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এগিয়ে রয়েছেন- এমন খবরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর কলোনিপাড়া এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাস্তার ওপর আনন্দ উল্লাস শুরু হয়।


আনন্দ উল্লাস চলাকালে নুরনগর কলোনিপাড়ার নুরু ইসলামের ছেলে মো. ফজলু (৫০) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তার অবস্থা দেখে আশপাশে থাকা আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে রয়েছেন- হালিমের স্ত্রী নার্গিস আক্তার (৩৫), বশির উদ্দিনের ছেলে রানা (৩০) এবং মোতালেবের ছেলে তোতা (৩০)।


স্থানীয়রা হাফিজুর রহমান ও তুহিনের সহযোগিতায় অসুস্থদের সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।  সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. ফজলুকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যা সাতটার কিছু আগে একাধিক রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থদের খোঁজখবর নেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পরে তিনি নুরনগর কলোনিপাড়া এলাকায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।



কমেন্ট বক্স