সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিলে জনসমুদ্র

বিজয়ের বার্তা দিচ্ছে জনগণ: বাবু খান
  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৬ ইং
দামুড়হুদায় ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিলে জনসমুদ্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দামুড়হুদায় ধানের শীষের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে চিৎলা হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলটি জনসমুদ্রে রূপ নেয়।


দুপুরের পর থেকেই দামুড়হুদা উপজেলা শহর মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দলীয় ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। চারদিক থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকদের ঢলে স্টেডিয়াম প্রাঙ্গণ ও আশপাশের সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতীতে দামুড়হুদায় এমন বিপুল জনসমাগম খুব কমই দেখা গেছে।


জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে দামুড়হুদার মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ আজ দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, জনগণের শক্তিতেই বিজয় অর্জিত হবে। 


তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে নারীর ক্ষমতা ও অধিকার নিশ্চিতে কাজ করা হবে। জামায়াতে ইসলাম নারীর যে অধিকারের কথা বলছে তা একদম ভুয়া, কারণ জামায়াত এই নির্বাচনে ৩০০ আসনের একটিতেও নারী নেতৃত্ব দেয়নি এবং কেন্দ্রীয়ভাবে নারী নেতৃত্বে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই নির্বাচনে যার ভোট, সে নিজে প্রয়োগ করবে, তাই তিনি বলেন এই জনসমাবেশ থেকে সবাই বাড়ি গিয়ে নিজের মা-বোন নিজের পরিবারের ভোটগুলো আগে নিশ্চিত করতে হবে। কেউ যেন ভুল বুঝিয়ে জান্নাতের টিকিট দেখিয়ে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।


দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আজকের এই জনসমাবেশ প্রমাণ করে দামুড়হুদা বিএনপির ঘাঁটি। জনগণ ধানের শীষের পক্ষেই তাদের রায় দিতে প্রস্তুত। সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের নতুন করে সাহস ও শক্তি জুগিয়েছে। এই জোয়ার আর কেউ ঠেকাতে পারবে না।


এ জনসভা ও গণমিছিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের ছেলে আতিকুর রহমান মিথুনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।


শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এ জনসভা ও গণমিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নেতা-কর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী প্রস্তুতির দৃঢ় প্রত্যয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী