ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চুয়াডাঙ্গায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল সোমবার তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে মহাপরিচালককে বিস্তারিত ব্রিফিং দেন। এসময় চুয়াডাঙ্গা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন বিজিবির মহাপরিচালক। সভায় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও জানান, চুয়াডাঙ্গাসহ দেশের সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরাসহ আধুনিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি জানান। পরিদর্শনের শেষ পর্যায়ে মহাপরিচালক নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন।
নিজস্ব প্রতিবেদক