রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সিআইপি সাহিদুজ্জামান টরিক

চুয়াডাঙ্গাকে ‘এ’ গ্রেডের জেলা বানানোর প্রতিশ্রুতি
  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৬ ইং
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সিআইপি সাহিদুজ্জামান টরিক

চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় কুতুবপুর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বোয়ালিয়া পূর্বপাড়ায় অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল। দোয়া মাহফিলে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) সভাপতি এবং বিশ্বের অনাবাসী প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহা. সাহিদুজ্জামান টরিক।


এসময় তিনি বলেন, ‘এই বাংলাদেশে মানুষ গড়ার কারিগর শিক্ষক এবং বাড়িতে মানুষ গড়ার কারিগর হলো মা। মায়েরা তাদের সন্তানকে সবসময় আগলে রাখেন। তারা নিজেদের জন্য কোনো চিন্তা করেন না, তাদের সকল চিন্তা-ভাবনা সন্তানের জন্য। সন্তান যখন দুরে কোথাও পড়তে যায়, সন্তান যদি কোনো বিপদে পড়ে, অন্য কেউ টের না পেলেও মা ঠিকই বুঝতে পেরে যায়।’


তিনি আরও বলেন, ‘আমি ৩১ বছর আগে সিঙ্গাপুর গিয়েছি। অনেক কষ্ট করেছি জীবনে। কষ্ট করতে করতে আজ আমি এই পর্যায়ে পৌঁছেয়েছি। যখনই কোনো কিছুতে বাধাগ্রস্ত হয়েছি তখনই চোখ বন্ধ করলে সর্বপ্রথম বাবা-মায়ের কথা মনে হয়েছে। আমি যখন অসুস্থ থেকেছি মাকে না জানালেও তার সাথে কথা বললেই তিনি বুঝে যেতেন। এই দুনিয়াতে প্রতিটি সন্তান যখন বিপদে পড়ে অথবা অসুস্থ হয়, তখন দুনিয়ার আর কেউ বুঝতে না পারলেও মায়েরা ঠিকই বুঝতে পারে। আপনারা আপনাদের বাবা-মায়ের জন্য দোয়া করবেন এবং আপনাদের সন্তানদেরকে চোখে চোখে রাখবেন। একজন মা’ই পারে এই সমাজকে পরিবর্তন করে দিতে।’


তিনি বলেন, ‘অবৈধ টাকা যদি আপনাদের ঘরে যায় সেই টাকা দিয়ে যদি আপনারা শাড়ি-গয়না ক্রয় করেন এবং সেই টাকা দিয়ে যদি আপনাদের সন্তানদেরকে খাবার খাওয়ান, এই সন্তান একদিন আপনার বুকেই ছুরি ধরবে। আপনারা ঠিক সেই ভাবে সন্তানকে মানুষ করবেন যাতে আপনার সন্তানের পেটে কোনো অবৈধ টাকা না যায়। আপনার স্বামীকে বোঝাবেন, যে আমার কাড়ি কাড়ি টাকার দরকার নেই যেটুকু প্রয়োজন সেইটা তুমি হালাল পথে ইনকাম করো। আমার কথা যদি একজন মা-বোনের, কিংবা একজন বাবারও কাজে লাগে অন্তত সেই সাওয়াবটুকু আমার আমলনামায় যোগ হবে।’

সাহিদুজ্জামান আরও বলেন, ‘আপনারা জানেন বেগম খালেদা জিয়া কত কষ্ট করেছেন। তার একজন সন্তান আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মৃত্যুশয্যায় থাকা অবস্থাতেও মা বেগম খালেদা জিয়া তাকে দেখতে যেতে পারেনি। আবার আরেকটি সন্তান তারেক রহমান এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, ১৭ বছর পর আজকে সুযোগ হয়েছে, আপনাদের মাঝে তিনি ফিরে এসেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য। তিনি অতৃপ্ত ইচ্ছা নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার সন্তানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখে যেতে পারেনি। ১২ই ফেব্রুয়ারি আসছে, আপনাদের উপর দায়িত্ব। আপনারা এই চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জামান শরীফকে ধানের শীষে ভোট দিবেন । আমি কথা দিচ্ছি এই চুয়াডাঙ্গা জেলাকে আমি ‘এ’ গ্রেডের জেলা বানাবো ইনশাআল্লাহ।’


অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিআইপি মোহা. সাহিদুজ্জামান টরিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খান। কুতুবপুর ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন নির্বাচন কমিটির সেক্রেটারি আব্দুল মমিন, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি আশাদুল হক, কুতুবপুর ইউনিয়ন সাবেক সেক্রেটারি আব্দুল হান্নান। আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক হাসমত আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বোয়ালিয়া গ্রামের বাসিন্দাগণ।


চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়ীয়া গ্রাম, চুয়াডাঙ্গা পৌরসভার নতুনবাজার কেদারগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) সভাপতি এবং বিশ্বের অনাবাসী প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহা. সাহিদুজ্জামান টরিক।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত