আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন বাজার, সড়ক ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ ও পথসভায় বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, দেশে ইনসাফভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ দল-মত নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না, যুবসমাজ কর্মসংস্থানের অভাবে হতাশ এবং সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে সকলের এমপি হিসেবে কাজ করবেন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলার সহসভাপতি আলহাজ্ব আবু হানিফ, সেক্রেটারি আশিকুল আলম সজীব, প্রচার সম্পাদক লিটন আলী, ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি আবুল কালাম, ইসলামী যুব আন্দোলন সদর থানা সভাপতি মাওলানা হানজালা হুসাইন, মাখালডাঙ্গা ইউনিয়ন সভাপতি হাজী মুক্তার আলী, সহসভাপতি মিজানুর রহমান ডন মেম্বার, সেক্রেটারি মাওলানা আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মুক্তারুজ্জামান ও মো. আব্দুল্লাহ।
এছাড়াও শংকরচন্দ্র ইউনিয়ন সভাপতি হাজী আবু হানিফ, সেক্রেটারি আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব নেতা মাওলানা জুবায়ের, শরিফুল ইসলাম, আব্দুস সামাদ, হাসান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদক