আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ও জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন জীবননগরের হাসাদাহ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছেন। গতকাল শনিবার তিনি হাসাদাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পুরন্দপর গ্রাম, ২ নম্বর ওয়ার্ড মাধবপুর গ্রাম, ৩ নম্বর ওয়ার্ড কাটাপোল গ্রাম, ৪ নম্বর ওয়ার্ড বকুন্ডিয়া এবং ৫ নম্বর ওয়ার্ড হাসাদাহ বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে হাসাদাহ বাজারে অবস্থিত জামায়াতে ইসলামী শাখা অফিসে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি বলেন, আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে। দুর্নীতিমুক্ত ও শোষণহীন সমাজ গঠনে আমাদের প্রতিটি কর্মী দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সরকারি ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে- এটি আমাদের দ্বিতীয় নির্বাচনী ইশতেহার। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সরকারি-বেসরকারি সকল খাতে দুর্নীতি বন্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হুসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কামাল উদ্দীন, উপজেলা কর্মপরিষদের সদস্য আব্দুস সালাম, হাসাদাহ ইউনিয়ন আমীর আকতারুজ্জামান, নায়েবে আমির আবুল কাশেম, সেক্রেটারি লাল্টু মিয়া, সহ-সেক্রেটারি আজিবর রহমান, নির্বাচন পরিচালক শফিকুল ইসলাম শিমুল, বায়তুলমাল সম্পাদক তোফাজ্জেল হোসেন, তারবিয়াত সম্পাদক ওলিয়ার রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
জীবননগর অফিস