আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। গতকার বুধবার বিকেলে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল কাউনাইন টিলু বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ অঞ্চলের মানুষ বারবার বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আবারও ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন- বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসে আড়াই থেকে তিন হাজার টাকার সমপরিমাণ সহায়তা নগদ বা পণ্যের মাধ্যমে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যাতে সার, বীজ, কীটনাশক ও ঋণসহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। তিনি এসব প্রতিশ্রুতি মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. আলাউদ্দিন, আব্দুল মজিদ, আব্দুল ওয়াহেদ, পান্না চৌধুরী, ছাত্রদল নেতা রুবেল কাউনাইন, সাগর, তাইফু, মুনিয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আলমডাঙ্গা অফিস