চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি (বার) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই দোয়া মাহফিল অনৃুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সাধারণ সম্পাদক অ্যাড. মানি খন্দকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম. রউফ ও সদস্যসচিব মাঞ্জার আলী জোয়ার্দ্দার। এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, অ্যাড. শামিম রেজা ডালিমসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই দোয়া মাহফিলে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা সমাজের দর্পণ এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির শেষ ভরসাস্থল। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি আমার অন্তহীন কৃতজ্ঞতা। বিগত দিনের দুঃসময়ে, যখন আমরা কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছিলাম, তখন আপনারা যেভাবে আইনি লড়াই এবং নৈতিক সমর্থনের মাধ্যমে আমার ও আমাদের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তা আমি কোনোদিন ভুলব না। প্রতিকূল পরিবেশেও আপনাদের সাহসিকতা আমাদের পথ চলতে সাহস যুগিয়েছে। আপনাদের এই ত্যাগ ও সহযোগিতা চুয়াডাঙ্গার রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আসন্ন নির্বাচনে আমি জয়লাভ করি বা না করি- সেটি বড় কথা নয়। আপনাদের সাথে আমার আত্মার যে বন্ধন তৈরি হয়েছে, তা চিরকাল অটুট থাকবে। আইনজীবী সমিতির প্রতিটি সদস্যের সুখে-দুঃখে এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব। আমার সামর্থ্য অনুযায়ী আমি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। আপনাদের যেকোনো প্রয়োজনে, যেকোনো সময় আমাকে ডাকলে ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাশেই পাবেন। চুয়াডাঙ্গার সাধারণ মানুষের অধিকার রক্ষায় আইনজীবীদের যে অগ্রণী ভূমিকা, তাকে বেগবান করতে আমি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সর্বদা প্রস্তুত থাকব।’
নিজস্ব প্রতিবেদক