বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় খলিল মালিক হাসপাতালের উদ্বোধন করলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর

জীবন সবসময় পাওয়ার জন্য নয়, এখন দেওয়ার বয়স
  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় খলিল মালিক হাসপাতালের উদ্বোধন করলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর

চুয়াডাঙ্গায় আধুনিক চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে উদ্বোধন হলো খলিল মালিক হাসপাতাল ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টার। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কলেজ রোডে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানকালীন ৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেন সিআইপি সাহিদুজ্জামান টরিক ও ব্যাংক এবং সাবেক ব্যাংকার ও ব্যবসায়ী সৈয়দ মোয়াজ্জেম হোসেন।


অনুষ্ঠানে খলিল মালিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্রের কে এম হাসপাতালের প্রতিষ্ঠাতা ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর ড. সাদিকুর আর মালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর । এসময় তিনি বলেন, ‘সুন্দর একটি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে জনকল্যাণমূলক কাজ হবে। সাদিক মালিক সাহেবের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য আজকে পূর্ণতা পেতে চলেছে। এ জন্য অবশ্যই আমরা তাকে অভিনন্দন জানাব।’
তিনি আরও বলেন, ‘বিদেশে আমরা অনেকেই আছি। প্রায় ২ কোটি বাঙালি বিদেশে আছে। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে যেখানেই থাকি, নিজের দেশে ফিরে আসার ইচ্ছা সবার থাকে। অনেক বাঙালি আছেন, যারা বিদেশে আছেন, দেশে আসতে চান, কিন্তু পারেন না। আবার অনেক ক্ষেত্রে ফিরে আসার পরেও আমাদের সমাজ বা সরকার তাদেরকে সাহায্য-সহযোগিতা দিতে পারে না। যে কারণে অনেকে মনক্ষুন্ন হয়ে ফেরত চলে যান। তারা হয়ত অনেক কিছু দিতে পারতেন, কিন্তু দিতে পারেননি। সেহেতু আমরা যদি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা এই দেশীয় সম্পদকে জনগণ ও দেশের সেবায় ব্যবহার করতে পারবো। সবাইকেই সবার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করতে হবে।’


গভর্নর বলেন, ‘জীবন সবসময় পাওয়ার জন্য নয়। পাওয়ার একটা বয়স আছে, কিন্তু তারপর এটা এখন দেওয়ার বয়স। যখন পাওয়া শেষ হয়ে যায়, তখন দেওয়ার সময় শুরু হয়। আমরা এখন সেই পর্যায়ে আছি।’ চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা বা আপনাদের প্রতিবেশী বা আপনাদের আশেপাশের কেউ না কেউ এই হাসপাতাল থেকে অবশ্যই সেবা গ্রহণ করবেন। আমাদের সবাইকেই উদারভাবে এখানে সহায়তা দিতে হবে। কেউই চিরকাল থাকে না। চুয়াডাঙ্গায় অনেক বড় বড় লোক আছেন। বিশেষ করে মল্লিক বাড়ি থেকেই অনেক প্রতিষ্ঠিত লোক আছে আমি জানি। সবাই তাদের শিকড়ের দিকে একটু ফিরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই যেন কোনো না কোনোভাবে তাদের সহযোগিতা করতে পারি। আমরা আশা করব- এই হাসপাতাল চলবে এবং চলতেই থাকবে।’


অনুষ্ঠানে সৌম্যজিতা শ্রুতির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) সভাপতি এবং বিশ্বের অনাবাসী প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি সাহিদুজ্জামান টরিক। এসময় তিনি বলেন, ‘আমরা প্রবাসী, আমাদের দেহটা শুধু বিদেশে থাকে, কিন্তু মন পড়ে থাকে চুয়াডাঙ্গায়। আজকে এ জন্যই এতবড় হাসপাতাল তৈরির কাজ তিনি হাতে নিয়েছেন। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই সহযোগিতা করবেন। সাদিক মালিক এই বয়সে তার বাবার নামে খলিল মালিকের নামে যে হসপিটাল করলেন চুয়াডাঙ্গাবাসীর জন্য, তা একটি মাইলফলক। কোনো কিছু তৈরি করা সহজ, কিন্তু পরিচালনা করা খুবই কঠিন। আর এই পরিচালনার জন্যই আমাদের ড. ফাহিম মালিককে প্রয়োজন। এই ধরণের মানুষ যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমাদেরকে দিকনির্দেশনা দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে আমার পদচারণা চুয়াডাঙ্গা জেলার সমস্ত জায়গায়। আমি ৩১ বছর থেকে বিদেশে থাকি, যখন আসি চায়ের দোকান থেকে শুরু করে কাচা বাজার পর্যন্ত জেলার সমস্ত জায়গায় আমি যাই। আজকে শুধু আমার হোটেল সাহিদ প্যালেসের পক্ষ থেকে ওনাদেরকে ৫ লাখ টাকা অনুদান দিব, যাতে আমার চুয়াডাঙ্গাবাসী কিডনী রোগী যারা আছেন, তারা যেন চিকিৎসা নিতে পারেন।’


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ড. হাদি জিয়া উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের নেফ্রোলজিস্ট ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ড. ফাহিম মালিক, চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা এস রশিদ ও ব্যবসায়ী সৈয়দ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ড. মার্টিন হিরক চৌধুরী, ডা. সামিরা টি জোয়াদ্দার, আরিফুল জোয়াদ্দার, কে.এম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সাব্বির এইচ জোয়াদ্দার, জনসংযোগ সম্পাদক ওহিদুল ইসলাম জোয়াদ্দারসহ খলিল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে জামায়াতের বিশাল গণমিছিল ও সভায় এমপি প্রার্থী রুহুল আমিন