আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার আইলহাস, খাসকররা ও নাগদাহ ইউনিয়নের গ্রাম-গঞ্জে ধানের শীষের পক্ষে জনমত গঠনে মাঠে নেমেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান। গতকাল শুক্রবার বিকেলে বাজারে বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি তুলে ধরেন বিএনপির রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান। বেলা সাড়ে তিনটায় আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজার মোড় থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর একে একে ঘোলদাড়ি বাজার মোড়, আইলহাস বাজার মোড় ঘুরে খাসকররা ইউনিয়নের তিওরবিলা, খাসকররা বাজার বটতলা মোড় ও রায়সা বাজার মোড়ে পথসভা করেন। নাগদাহ ইউনিয়নের খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে জোড়গাছা বাজার মোড় ও নাগদাহ বাজার মোড়ে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
গণসংযোগকালে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বাজারের চায়ের দোকান, রাস্তার মোড় কিংবা স্কুলমাঠ- সবখানেই ভোটাধিকার ও পরিবর্তনের আলোচনা ছড়িয়ে পড়ে। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের কাছে হাতজোড় করে আহ্বান জানান শরীফুজ্জামান।
পথসভায় দেওয়া বক্তব্যে মো. শরীফুজ্জামান বলেন, ‘প্রিয় আলমডাঙ্গাবাসী, আজ আমি আপনাদের কাছে কোনো লোভনীয় প্রতিশ্রুতি নিয়ে আসিনি। আমি এসেছি আপনাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন- ভোট দিতে পারেননি, কথা বলতে পারেননি, ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেননি। যারা কথা বলেছে, তাদের ওপর নেমে এসেছে নির্যাতন, মামলা ও হামলা। এই অবস্থার পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের জন্য রাজনীতি করে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, যুবক চাকরির জন্য পথে পথে ঘুরবে না, আর সাধারণ মানুষ পুলিশ বা প্রশাসনের ভয় ছাড়াই কথা বলতে পারবে। ধানের শীষ হচ্ছে এই পরিবর্তনের প্রতীক- এটি শুধু একটি মার্কা নয়, এটি স্বাধীনতা ও অধিকার ফিরে পাওয়ার প্রতিশ্রুতি।’
ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। যদি আপনারা আমাকে একবার সুযোগ দেন, আমি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা-১ আসনের মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, ভয় নয়- সত্যের পক্ষে দাঁড়াব। তাই ভয়কে জয় করে, মাথা উঁচু করে ধানের শীষে ভোট দিন।’
গণসংযোগে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিনুল আলম শাহীন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক