বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুরের চুয়াডাঙ্গা জেলায় আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এ সংবর্ধনার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলায় কার্যরত সকল ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নরের সহধর্মিণী দিলরুবা রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. হারুনূর রশিদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মুনসুর দেশের ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, জনবান্ধব ও স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া বাংলাদেশ ব্যাংকের অন্যতম অগ্রাধিকার।
এসময় তিনি স্থানীয় পর্যায়ে ব্যাংকিং সেবার মান আরও উন্নত করা, গ্রাহকসেবায় পেশাদারিত্ব বাড়ানো এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক