দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে দীর্ঘ ৭৪ বছর ধরে দখলে থাকা জমি আইন অমান্য করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে নজু গং-এর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত পক্ষ দাবি করেছে, জমিটি তাদের নিজস্ব এবং দীর্ঘদিন বেদখলে থাকায় তারা দখল পুনরুদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ভুক্তভোগী বাবর আলীর ওয়ারিশ মো. রাজু আহমেদ জানান, তাঁর বাবা ও চাচারা বড় চাচা মো. জাবের আলীর কাছ থেকে সাব-কবলা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মোট ৪.৪৩ একর জমি বৈধভাবে ক্রয় করেন। প্রায় ৭৪ বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
অভিযোগে বলা হয়, আক্কাস আলীর ওয়ারিশ মোঃ নজরুল ইসলাম (নজু), মোঃ আহসান হোসেন, মোঃ বাদল, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সাইদুল, মোঃ সাইফুল, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আসাদুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন (তেলু), মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ ছানোয়ার হোসেন গত ২০২৫ সালের আগস্ট মাস থেকে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
রাজু আহমেদ আরও জানান, বিবাদীগণ একাধিকবার জমিতে প্রবেশ করে চাষাবাদে বাধা দিয়েছেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। সর্বশেষ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে রাজু, তাঁর বাবা আব্দুর রশিদ ও চাচাতো ভাই মিলন জমি চাষ করতে গেলে তারা হামলার শিকার হন এবং জোরপূর্বক জমি থেকে বের করে দেওয়া হয়। এর আগেও ১০ জানুয়ারি একই মৌজার আরেকটি জমিতে একই ধরনের ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, আপসনামায় স্বাক্ষরের পরও অভিযুক্তরা প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং পুনরায় জমিতে বাধা ও হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। এতে ভুক্তভোগীরা জমিতে চাষাবাদ ও স্বাভাবিক চলাচল করতে পারছেন না। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সম্ভাব্য সংঘাত এড়াতে ভুক্তভোগী পক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৫ ও ১০৭ ধারায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত নজু বলেন, আমাদের জমি ফাঁকি দিয়ে তারা কাগজপত্র করেছে। এতদিন অবৈধভাবে ভোগদখল করেছে। এখন আমরা আমাদের জমি দখল নিয়েছি।
দর্শনা থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত বলেন, উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। পূর্ণাঙ্গ কাগজপত্র উপস্থাপনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। দর্শনা থানা পুলিশ জানায়, অভিযোগ পেয়ে উভয় পক্ষের কাগজপত্র দেখে বিষয়টি আপস মীমাংসা করে দেওয়া হয় এবং শান্তিপূর্ণভাবে থাকার নির্দেশনা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)