সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান

বেগম জিয়া জনগণের অধিকার রক্ষার অবিসংবাদিত প্রতীক
  • আপলোড তারিখঃ ২১-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা জেলা মহিলা দল এবং বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতাদের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় জেলা মহিলা দলের আয়োজনে চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ায় এবং বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া পুকুর পাড়ের মাঠে বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতাদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমরা এখানে সমবেত হয়েছি গণতন্ত্রের আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার এক অবিসংবাদিত প্রতীক। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রতিটি সংকটকালে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীনভাবে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন।’
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে কারাবন্দি রেখে তার মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। কিন্তু এত নির্যাতনের পরও তিনি কখনো মাথানত করেননি, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করেননি। তার এই দৃঢ়তা আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য রাজনৈতিক আদর্শ।


শরীফুজ্জামান শরীফ বলেন, আজ দেশের মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। গণতন্ত্র ভেঙে পড়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, আইনশৃঙ্খলার অবনতি- সব মিলিয়ে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের সরকার প্রতিষ্ঠা, আর সেই লক্ষ্যেই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, ছাত্রদল ও মহিলা দল সবসময় বিএনপির আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকেছে। স্বৈরাচারবিরোধী প্রতিটি লড়াইয়ে ছাত্রদলের ত্যাগ ইতিহাসের পাতায় লেখা থাকবে। একইভাবে মহিলা দল শুধু রাজনীতিতে নয়, সামাজিক আন্দোলনেও সাহসী ভূমিকা রেখে চলেছে। আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে, দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বিএনপির প্রতিটি অঙ্গসংগঠনের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।


বিএনপি নেতা শরীফ বলেন, ‘আমাদের রাজনীতি প্রতিশোধের নয়, আমাদের রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা আমাদের এই পথেই চলতে নির্দেশ দেয়- সংগ্রাম হবে দৃঢ়, কিন্তু মানবিক; প্রতিবাদ হবে শক্ত, কিন্তু নীতিনিষ্ঠ।’


বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলিতভাবে মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার অবদানকে কবুল করেন এবং আমাদের সবাইকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার তৌফিক দান করেন। একই সঙ্গে এই দেশের ওপর থেকে জুলুম-নির্যাতনের কালো অধ্যায় দূর করে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেন- এই দোয়াই আজ আমাদের প্রত্যাশা।’
চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন রহিমা খাতুন, আফরোজা খাতুন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব একরামুল হক, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বন্নী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক।


অপর দিকে, বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতাদের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম রতন।


জেলা যুবদলের সহসভাপতি ইমরুল হাসান মুকুলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সহসভাপতি শেখ শাহবাজ সুজন, যুগ্ম সম্পাদক আবোবিল হোসেন সাদ্দাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী