দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে হাটবারে সবজি বিক্রি করতে এসে টাকার ব্যাগ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নেদু (৬৫) নামের এক বৃদ্ধ সবজি বিক্রেতা। ভিড়ের সুযোগ নিয়ে চোর তার ব্যাগে থাকা প্রায় ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। জানা গেছে, কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ার মৃত বদরউদ্দীনের ছেলে নুর হোসেন ওরফে নেদু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে সবজি সংগ্রহ করে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা বাজারে সবজি বিক্রি করে আসছেন। গতকাল সোমবার সকাল থেকে তিনি বেগুন, আলু ও টমেটো বিক্রি করছিলেন। সন্ধ্যার দিকে বাজারে ক্রেতাদের ভিড় বেড়ে গেলে সুযোগ বুঝে চোর তার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে এক ক্রেতাকে সবজি দেওয়ার সময় টাকা রাখতে গিয়ে তিনি ব্যাগটি খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। ব্যাগে তার সারাদিনের বিক্রির প্রায় ৫ হাজার টাকা ছিল। টাকা হারিয়ে বৃদ্ধ নেদু কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় বাজারে চুরি বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা এবং বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা