চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভার শুরুতে গত মাসের উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার এস.এম আব্দুর রউফ শিবলু।
সভায় সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের সক্রিয় অবস্থানে থাকতে হবে। জেলা সমন্বয় কমিটির সভাটা জেলার জন্য খুব গুরুত্বপূর্ণ। জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় আলোচনা এখানেই করা হয়। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের পূর্বে আমাদের প্রস্তুতি নিতে হবে। এবারের নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। বিগত দিনের নির্বাচনগুলো বিতর্কিত থাকায় জনগণ আমাদের ওপর একটু বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। তাই অতীতের ভুল ভ্রান্তি শুধরে জনগণের প্রত্যাশা অনুযায়ী এবার নির্বাচনে কাজ করতে হবে। জেলার উন্নয়নে সবার পাশে থাকার আহ্বান।
এছাড়া সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ, পানি ও বিদ্যুৎ উন্নয়নসহ বিভিন্ন খাতের অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক অগ্রগতি তুলে ধরে ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়। সভায় বলা হয়, যারা মৎস্য চাষে আছেন তারা কোনো ডিলারের কাছ থেকে সার নিতে পারবেন না। বাজারগুলোতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রয় করা হলে তৎক্ষণাৎ তার ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে স্যানেটারি ইন্সপেক্টরকে নিয়মিত বাজারগুলো পরিদর্শন করার তাগিদ দেন জেলা প্রশাসক। তামাক চাষের ফলে মাটি তার উর্বরতা হারায়। তাই সকল কৃষকদেরকে তামাক চাষ বন্ধ করার পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বিভিন্ন রকমের জনসচেতনতা মূলক উঠান বৈঠক অব্যাহত ও জনসচেতনতামূলক প্রচারণা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয় জেলা তথ্য অফিসারের।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, তথ্য অফিসার শিল্পী মন্ডল, প্রাণিসম্পদ অফিসার ডা. সাহাবুদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক