আলমডাঙ্গায় থানা পুলিশের মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ১৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই আহম্মেদ আলী ও এসআই ওয়াহিদুল ইসলাম গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে ৮টা ও রাত সাড়ে ১২টার দিকে আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর ব্রিজের ওপর থেকে সন্দেহভাজন একজনকে তল্লাশি করে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। অপর অভিযানে আলমডাঙ্গা রেলস্টেশনের নিকটস্থ পুরাতন খাদ্যগুদামের পাশ থেকে আরও দুজনকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খাদিমপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সাইদুল ইসলাম (৩৩), সোনাতনপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে রানা (২০) এবং রথখোলা গ্রামের সোলাইমানের ছেলে নাহিদ হাসান (২১)। তারা সবাই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক, আলমডাঙ্গা