আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল শনিবার বেলা দুইটা থেকে আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি খতিয়ে দেখেন। একই সঙ্গে কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক