আলমডাঙ্গা সরকারি কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এ ছাত্রদের মধ্যে দ্রুততম মানব এবং ছাত্রীদের মধ্যে দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন তৌফিক আহমেদ ও মুসফিকা। প্রতিযোগিতায় ছাত্রদের মানবিক বিভাগ থেকে তৌফিক আহমেদ ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততার সঙ্গে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অধিকার করে দ্রুততম মানবের খেতাব জয় করেন। একইভাবে ছাত্রীদের মানবিক বিভাগ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুসফিকা ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করে দ্রুততম মানবীর খেতাব লাভ করেন।
উভয় বিজয়ীর হাতে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সৌজন্যে ট্রফি তুলে দেওয়া হয়। তাদের এই সাফল্য শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চায় আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম ও গোলাম ছরোয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সেক্রেটারি ও ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রভাষক ড. মো. মাহবুব আলম। গত বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলমডাঙ্গা অফিস