সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কুন্দিপুরে পরকীয়ার অভিযোগ তুলে অমানবিকতা

গৃহবধূ ও যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গার কুন্দিপুরে পরকীয়ার অভিযোগ তুলে অমানবিকতা

চুয়াডাঙ্গার কুন্দিপুরে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে বর্বরোচিত নির্যাতনের খবর পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় দর্শনা থানা এলাকার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- কুন্দিপুর গ্রামের মো. আরিফের স্ত্রী আসমা বেগম (২৫) এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে স্বপন (২৮)।


স্থানীয় সূত্রে জানা গেছে, অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে গত বুধবার সন্ধ্যায় এলাকার একদল লোক আসমা ও স্বপনকে আটক করে। এসময় কোনো আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে উপস্থিত জনতার সামনেই তাদের মাথার চুল কেটে চরম অপদস্থ করা হয়। এখানেই শেষ নয়, তাদের গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। উপস্থিত বহু মানুষের সামনে দীর্ঘক্ষণ এই মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছনা চললেও কেউ তাদের রক্ষায় এগিয়ে আসেনি। বরং কেউ কেউ নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। কোনো অপরাধ ঘটে থাকলে তার বিচার হবে দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে। এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।’


দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বলেন, সামাজিকভাবে কাউকে এভাবে হেয় প্রতিপন্ন করা বা নির্যাতন করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে চাইলে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী