দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে এখন ইরি ধানের চারা রোপণের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে নেমে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। কনকনে শীত আর ঠান্ডা পানির মধ্যেও থেমে নেই তাদের কর্মচাঞ্চল্য। চলতি মৌসুমে ইরি জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকেরা। ভালো ফলন, রোগবালাই তুলনামূলক কম এবং খরা প্রতিরোধী হওয়ায় এই জাতটি কৃষকদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। বিশেষ করে যেসব কৃষকের মাঝারি সেচ সুবিধা রয়েছে, তাঁদের কাছে ইরি ধান একটি নির্ভরযোগ্য ফসল হিসেবে বিবেচিত।
স্থানীয় কৃষক আবু সামার (পটল) জানান, ইরি ধান আমরা অনেক বছর ধরেই চাষ করছি। এর চাল সাদা ও ভালো মানের হয়। বাজারে দামও ভালো পাওয়া যায়। এবারও আবহাওয়া ভালো থাকলে ভালো ফলনের আশা করছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়ুলগাছি ইউনিয়নে প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে ইরি ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ইরি ধানে ভালো ফলন হবে, যা তাদের অর্থনৈতিকভাবে লাভবান করবে।
প্রতিবেদক কুড়ুলগাছি