বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের (পদ্মা জোন) উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. সাইফুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও বাঁধনের শিক্ষক উপদেষ্টা শফিকুল ইসলাম, মতিউর রহমান, জাহিদ হাসান, ফরহাদ উদ্দিন, হাফিজুর রহমান ও সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিকাইল হোসেন।
ছাত্র উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. সাজিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, সুজাউদ্দিন টুটুল ও হাফিজ আল-মুতাকাব্বির সাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো. রাসেল আলী। এসময় ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর বিগত বছরের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং স্বেচ্ছাসেবীদের মানবিক অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা স্বেচ্ছায় রক্তদানসহ বাঁধনের বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। দায়িত্ব হস্তান্তর পর্বে নবগঠিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রিয়াদ হাবিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. আবু-হুরাইরা বাধন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, তারা বাঁধনের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে আরও সক্রিয়ভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন। সবশেষে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাঁধনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক