চুয়াডাঙ্গা সদর উপজেলার গুলশানপাড়া এলাকা থেকে আকসুমা (৩০) নামের এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৬টার দিকে গুলশানপাড়ার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকসুমা চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ইমরান হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে আকসুমা নিজ কক্ষে দরজা ভেতর থেকে আটকিয়ে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আকসুমা মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলার গুলশানপাড়ায় বসবাস করছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
নিজস্ব প্রতিবেদক