চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই একটি ট্রাক একটি বাড়ির প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে আসা দ্রুতগতির একটি বালি বোঝাই ট্রাক কানাপুকুর এলাকার বাসিন্দা ফিরোজ উদ্দিন জোয়ার্দারের বাড়ির প্রাচীরে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির প্রাচীর ভেঙে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।
দুর্ঘটনাকবলিত বাড়ির মালিক ফিরোজ উদ্দিন জোয়ার্দার বলেন, ‘ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল বাড়িটা বুঝি ধসে পড়বে। বাইরে এসে দেখি বালি বোঝাই ট্রাকটি আমার বাড়ির দেয়ালে ঢুকে পড়েছে।’ তিনি ধারণা করেন, চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। তিনি আরও জানান, কুষ্টিয়া থেকে বালি পরিবহনের কারণে এই সড়কে প্রায়ই ভারী যান চলাচল করে, যা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
পথচারী আজাদ হোসেন বলেন, ‘কয়েক দিন আগেও এই এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। চালকদের বেপরোয়া গতির কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।’ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বালুবাহী ট্রাকের গতি নিয়ন্ত্রণ এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক