‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে দামুড়হুদায় পৌঁছেছে সরকারি ‘ভোটের গাড়ি’। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন নূরনবী মার্কেটের সামনে সরকারি ভোটের গাড়ির মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যদিয়ে এ প্রচারণা কার্যক্রম শুরু হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর এ কর্মসূচির যাত্রা শুরু হয়। তীব্র শীত উপেক্ষা করেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোটের গাড়ির কার্যক্রম ও প্রদর্শিত প্রামাণ্য চলচ্চিত্র উপভোগ করেন।
ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উবায়দুর রহমান সাহেল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নিলীমা আক্তার হ্যাপি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, ট্যাগ অফিসার আতিকুর রহমান, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও. মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ ভোটাররা।
ভোটের গাড়ির মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
ভোটের গাড়ি প্রচারণায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. উবায়দুর রহমান সাহেল বলেন, বিগত সংসদ নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং গণভোটে মতামত দেবেন। আপনারা যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি নতুন বাংলাদেশের পক্ষে থাকেন, তাহলে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি মনে করেন সংস্কারের প্রয়োজন নেই, তাহলে ‘না’ ভোট প্রয়োগ করবেন।
প্রতিবেদক দামুড়হুদা