দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে সরকারি বিধি-বিধান উপেক্ষা করে ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উজিরপুর গ্রামের লক্ষীগাড়ী মাঠে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার দায়ে উজিরপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে হাবিবুর রহমান এবং মৃত মাবলু হকের ছেলে মামুনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের সহায়ক আনিসুর রহমান এবং দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম বলেন, ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক দামুড়হুদা