চুয়াডাঙ্গা পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী রকিবুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় পৌরসভার পূর্ববর্তী টিএলসিসি সভার কার্যবিবরণী অনুমোদন ও সংশোধন, চলমান উন্নয়ন প্রকল্প, পৌর এলাকার বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় টিএলসিসি সদস্যরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ডাম্পিং স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু, নিয়মিত ড্রেন পরিস্কার রাখা এবং মশক নিধন কার্যক্রম সক্রিয় রাখার প্রস্তাব দেন। এছাড়া মাথাভাঙ্গা নদী দূষণ রোধ ও শহীদ আবুল হোসেন স্মৃতি পাঠাগার দ্রুত চালু করণে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পৌর বাস টার্মিনালসহ শহরের সড়কবাতি নিরবচ্ছিন্নভাবে চালু রাখা এবং পানির লাইনে ময়লা রোধে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দেন অংশগ্রহণকারীরা।
সভায় চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘সব দায় আপনারা আমাকেই দিয়েন, ব্যর্থতা শুধু আমার। আমি একসঙ্গে কয়েকটি দায়িত্ব সামলেও চুয়াডাঙ্গা পৌরসভায় সর্বোচ্চ সময় ও আন্তরিকতা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা পৌরসভার কার্যক্রম পরিচালনা করছি। তবে পৌরবাসীকেও আমাদের পাশে দাঁড়াতে হবে। উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে। আগামি কয়েকদিনের মধ্যেই আবুল হোসেন স্মৃতি পাঠাগার বিষয়ে আপনাদের সাথে আমরা বসব। দ্রুতই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক