দর্শনায় তীব্র শীতে শতাধিক হতদরিদ্র, বয়স্ক ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন দর্শনা পৌরসভার প্রশাসক শাহিন আলম। গতকাল সোমবার সন্ধ্যার পর দর্শনা হল্ট স্টেশন বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় গিয়ে তিনি এ কম্বল বিতরণ করেন। কনকনে শীতের রাতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।
পৌর প্রশাসক শাহিন আলম বলেন, চুয়াডাঙ্গা জেলায় শীত মৌসুমে প্রায়ই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তাই আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছি, যাতে তারা কিছুটা হলেও শীত নিবারণ করতে পারেন। তবে দর্শনায় অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন—আমি সবাইকে আহ্বান জানাই, যেন তাঁরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সচিব সাজেদুল আলম, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মোমিনুল ইসলাম ও কার্য্য সহকারী হারুন অর রশিদ।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)