চুয়াডাঙ্গা শহরের শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় পুলিশকে হুমকি ও অসদাচরণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলার উথলী গ্রামের আজগর আলীর ছেলে রাজু আহমেদ, রায়হান আলীর ছেলে রিয়ন মিয়া এবং দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাওন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) চুয়াডাঙ্গা সদর উপজেলার একাডেমি মোড়ে টিআই আবুল আজাদ ইব্রাহিমসহ পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এসময় আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার দিকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালক ও তার সঙ্গীরা পুলিশের সঙ্গে অসদাচরণ করেন।
পুলিশ জানায়, হেলমেট না থাকায় মামলা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজু আহমেদ ও তার সহযোগীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ পুলিশের কাজে এমন বাধা দেওয়ার প্রতিবাদ করলে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয়রা জানান, পুলিশ তাদের দায়িত্ব পালন করছিল। এ ধরনের কুরুচিপূর্ণ আচরণ ও হুমকি দেওয়া নিন্দনীয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে গতকাল সোমবার ভোর ছয়টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত সদস্যদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক