আলমডাঙ্গার বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বেলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওহাব মিয়ার ছেলে ও মেয়ে কানাডা প্রবাসী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ এবং শিরিন আক্তার গতকাল রোববার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে আসেন। পরিদর্শনকালে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাতে পুরো সময়জুড়ে ছিল আন্তরিক পরিবেশ।
এসময় বিদ্যালয়ের বর্তমান অবস্থা, শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে শিরিন আক্তার বলেন, তাঁর বাবা ছিলেন একজন সৎ ও মানবিক মানুষ। বিদ্যালয়টির জন্য তাঁর বাবার অবদান আজও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে আব্দুল ওয়াদুদ বলেন, প্রায় ৪০ বছর পর দেশে ফিরে বাবার কাজ ও এলাকার মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়েছেন। বাবার হাতে গড়া এই বিদ্যালয় দেখে তিনি গর্ব অনুভব করছেন বলেও জানান তিনি।
সাক্ষাৎকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. পানা উল্লাহ, মাসুদুর রহমান, আশকার আলী, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আশরাফুল হক, ছানোয়ার হোসেন এবং শিক্ষিকা শাহানাজ বেগম, বেদানা খাতুন, নাজমা খাতুন ও আম্বিয়া। তাঁদের উপস্থিতিতে সাক্ষাৎটি আরও অর্থবহ হয়ে ওঠে।
প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা বলেন, প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলেই বিদ্যালয় আজ এই অবস্থানে পৌঁছেছে। তিনি প্রতিষ্ঠাতার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কাজে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয় ও প্রতিষ্ঠাতার পরিবারের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলমডাঙ্গা অফিস