দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠজুড়ে সবুজ ভুট্টাখেত দেখে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। তবে সারের সংকট ও বাড়তি দামে সার কিনতে হওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মৌসুমে ভুট্টা চাষে বিঘাপ্রতি গড়ে ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। সার, উন্নতমানের বীজ, সেচ ও শ্রমিকের মজুরি- সব মিলিয়ে কৃষকদের বাড়তি ব্যয় করতে হয়েছে।
কুড়ুলগাছি ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘সার সংকটের কারণে আমাদের বেশি দামে সার কিনতে হয়েছে। তবে আবহাওয়া এখন পর্যন্ত ভালো থাকায় ভুট্টার গাছ বেশ সুন্দর হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ মণ পর্যন্ত ফলন পাওয়ার আশা করছি। বাজারে দাম ভালো থাকলে খরচ উঠিয়ে কিছুটা লাভও হতে পারে।’
দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬৮০ হেক্টর জমি। এর বিপরীতে আবাদ হয়েছে প্রায় ১ হাজার ৬৩০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সঠিক পরিচর্যা ও অনুকূলে আবহাওয়া থাকলে এবছর ভুট্টার ফলন সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় খাদ্য ও পশুখাদ্যের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক কুড়ুলগাছি