আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুহুল কুদ্দুস জুবায়ের (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের অঘরনাথপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রুহুল কুদ্দুস জুবায়ের একই এলাকার খন্দকার দারুস সালামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জেহালা ইউনিয়নের অঘরনাথপাড়ায় মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যদের সঙ্গে নিয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জেহালা অঘরনাথপাড়ার নুর আলমের বাড়ির সামনে থেকে খন্দকার রুহুল কুদ্দুস জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদক