ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে চুয়াডাঙ্গা দুটি আসনের সকল প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা-১ ও বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ এই দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১১ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র আইন ও বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়। কাগজপত্রে কোনো ধরনের গুরুতর অসংগতি, অসম্পূর্ণতা কিংবা আইনগত প্রতিবন্ধকতা না থাকায় সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়।
বৈধ প্রার্থীরা হলেন- চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর মনোনীত জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি জহুরুল ইসলাম আজিজি, এবি পার্টির মনোনীত প্রার্থী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা ফারুক এহসান।
এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কংগ্রেসের সদস্য নুর হাকিম এবং এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার চার উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সকল প্রার্থী ও প্রার্থীদের প্রস্তাবকারী-সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। বাছাইয়ে তারা সকলেই বৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলনের দুইজন প্রার্থী আছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগে একজন প্রত্যাহার না করলে দুজনের মনোনয়নই বাতিল করে দেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক