মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় প্রতিবন্ধীদের ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২৬ ইং
দর্শনায় প্রতিবন্ধীদের ওরিয়েন্টেশন কর্মশালা

দর্শনায় প্রতিবন্ধীদের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাছাইকৃত প্রতিবন্ধী পরিবারের ছাগলের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যা বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ প্রদান করেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে মো. তোফাজ্জেল হোসেন বলেন, প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার নিয়মিত ভাতা প্রদান করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে এই ভাতা আরও বাড়ানো হবে। পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে বেসরকারি সংস্থাগুলোও কৃষি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক নিলিমা আক্তার হ্যাপী বলেন, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য আমাদের এলাকা অত্যন্ত উপযোগী। ছাগল মাচা পদ্ধতিতে পালন করতে হবে। বছরে অন্তত চারবার কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং প্রতিটি ছাগলের জন্য প্রয়োজনীয় জায়গা নিশ্চিত করতে হবে।”


ওরিয়েন্টেশন শেষে ১৮ জন প্রতিবন্ধী উপকারভোগীর মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি তোক্কেল হোসেন, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান পান্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার ম্যানেজার মকবুল হোসেন ও জিল্লুর রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী